আত্মীয়বাড়িতে খাওয়াদাওয়া শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন একই পরিবারের চারজন। মেইন রোডে ওঠার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে হেলে পড়ে।
এ সময় বাবা, মামা ও মেয়ে ছিটকে পড়ে খালে এবং ছেলে নাহিদ মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়ে ও আটকে যায়। বাসটি ধীরে ধীরে খালে পড়তে থাকে। শিশুটি বেকায়দা অবস্থায় বাসের নিচ থেকে চিৎকার করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর উপজেলার ধানসুরা-আড্ডা সড়কের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যান। পরে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসের নিচে চাপা পড়েও বেঁচে যাওয়ায় সবাই আল্লাহর রহমত হিসেবে দেখছেন। অনেকেই বলছেন- ‘রাখে আল্লাহ মারে কে।’
আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, একই মোটরসাইকেলে করে একই পরিবারের চার আরোহী মেইন রোডে ওঠার সময় গ্রামীণ ট্রাভেলস নামের দ্রুতগামী একটি ঢাকা কোচ তাদের চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে হেলে পড়ে। এ সময় বাবা, মা ও মেয়ে ছিটকে পড়ে খালে এবং ছেলে নাহিদ মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়ে ও আটকে যায়।
এ সময় বাসটি ধীরে ধীরে খালে পড়তে থাকে। শিশুটি বেকায়দা অবস্থায় বাসের নিচ থেকে চিৎকার করতে থাকে। এ ঘটনায় স্থানীয়রা ছুটে এলেও কোনোভাবেই শিশুটিকে বের করতে পারছিল না। এ সংবাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ফায়ার সার্ভিসে পৌঁছলে সেখান থেকে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট।
প্রায় আধাঘণ্টার উদ্ধার তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে তারা। উদ্ধারের পর শিশু নাহিদকে পার্শ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি করেন তারা।
আহতের স্বজন চাচি শাশুড়ি নাসিমা জানান, মান্দা উপজেলার পরানপুর গ্রামের তার মেয়ে জামাই খোশবর (৪৫), মেয়ে নাজমা (৩৫), নাতি নাহিদ (১২) ও নাতনি ফাতেমাকে (৭) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সকালে বেড়াতে এসেছিলেন তার সিরাজপুর গ্রামের বাড়ি। দুপুরে খাওয়াদাওয়া শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। গ্রাম থেকে মেইন সড়কে ওঠার সময় গ্রামীণ ট্রাভেলস নামের একটি কোচ চাপা দেয় তাদের।
ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুস সাত্তার যুগান্তকে বলেন, শিশুটিকে উদ্ধারের পর তাকে নাচোল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন তারা।
নিয়ামতপুর থানার ওসি তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলোর খবর
