Saturday , August 25 2018

সেফুদার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল কথাবার্তা ছড়ানোর দায়ে অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা হয়েছে। জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না এ মামলা করেন।

সোমবার (২০ আগস্ট) জার্মান বোন পুলিশ স্টেশনে এই মামলাটি করা হয়। এই সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত ব্যক্তির নাম সিফাত উল্লাহ ওরফে সেফুদা। বাংলাদেশ ও সমসাময়িক বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আর অদ্ভুত, বেপরোয়া কথাবার্তা ছড়াচ্ছেন ভার্চুয়াল জগতে।

মেহেদী হাসান মুন্না জানান, যে ব্যক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে গালাগালি করছে তার ছবি দিয়ে বাঙালিরা ট্রল করে মজা নিচ্ছে। ইউরোপে বসে একজন ব্যক্তি এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছে, দেশটিতে আমাদের অনেক নেতাকর্মী আছে। তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই বিষয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঙ্গে পরামর্শ করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি।

তিনি আরো জানান, সিফাত উল্লাহ মানসিক রোগে আক্রান্ত এমন দাবি করেছে তার পরিবার। কিন্তু আমি বিদেশের ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এই ব্যক্তি তেমন কোনো রোগে আক্রান্ত নয়। কোনো পাগল এত পুরনো ইতিহাস মনে রাখতে পারে না। সে এসব পরিকল্পিতভাবে করছে।

Facebook Comments