Sunday , August 26 2018
Breaking News

সোহেল তাজকে নিয়ে মিডিয়ায় যে মিথ্যাচার করা হয়েছে, পড়ুন বিস্তারিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজকে নিয়ে মিথ্যা খবর রটানো হচ্ছে গণমাধ্যমে। একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যমূলকভাবে তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সোহেল তাজ নিজেই।

জানা যায়, সম্প্রতি ‘আমার দেশ ২৪*৭’অনলাইন পোর্টালে ‘নীতি-আদর্শ বিচ্যুত হয়ে আজ একটা ভ্রষ্ট দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ: সোহেল তাজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, সোহেল তাজ বলেছেন, ‘আমার পিতা নিজের রক্ত দিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন। সেই পরিবারের একজন সন্তান হিসেবে, আওয়ামী লীগের শুভানুধ্যায়ী হিসেবে আমার পর্যবেক্ষণ—মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত।

নীতি-আদর্শ বিচ্যুত হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এর পরিণতি সংগঠনের জন্য ভালো হবে না। যখন সুবিধাবাদী ব্যক্তিরা একটি সংগঠনে ঢুকে যায় তখন অনুপ্রবেশকারীদের কাছে নীতি-আদর্শ মুখ্য বিষয় থাকে না।’

তবে, পোর্টালটির এই সংবাদ মিথ্যা দাবি করে সোহেল তাজ রোববার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সম্প্রতি “আমারদেশ ২৪*৭” এ আমাকে নিয়ে একটি সাক্ষাৎকার ছেপেছে যার শিরোনাম ‘নীতি-আদর্শ বিচ্যুত হয়ে আজ একটা ভ্রষ্ট দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ: সোহেল তাজ।’

এটা ‘ফেইক নিউজ’- আমি ‘আমারদেশ ২৪*৭’কে কোন সাক্ষাৎকার দেই নাই আর এই হেডলাইন এর উক্তি ব্যক্ত করিনাই। এটা বিভ্রান্তি সৃষ্টি করার একটি অপচেষ্টা। আমি আমারদেশ ২৪*৭কে অনুরোধ করছি এই আর্টিকেলটি অতিসত্ত্বর নামিয়ে ফেলার জন্য এবং অনুমতি ছাড়া এই ধরণের বক্তব্য প্রকাশের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments