Thursday , August 9 2018
Breaking News

৪০ হাজার বছর পর ঘুম ভাঙল পোকাটির!

বরফের তলায় পাওয়া গেল ৩২ হাজার ও ৪০ হাজার বছর বয়সী দু’টি পোকা। এই দীর্ঘ সময় ধরে তারা ঘুমিয়ে ছিল! অবশেষে তারা জেগে উঠেছে। ঘটনাটি দেখে বিস্মিত বিজ্ঞানীরা।

এ ব্যাপারে ‘ডোকলেডি বায়োলজিক্যাল সায়েন্সেস’ নামের জার্নাল থেকে জানা গেছে, রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল এই প্রাচীন পোকার ঝাঁককে আবিষ্কার করেছে। কোনো বহুকোষী প্রাণীর ক্ষেত্রে এমন দীর্ঘ দিন ধরে ঘুমিয়ে থাকার রেকর্ড এ পর্যন্ত নেই।

জানা গেছে, বরফের ভিতর থেকে ৩০০’রও বেশি নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। তার মধ্যে দু’টি নমুনা ওই ঘুমন্ত পোকাদের। তার মধ্যে জেনাস প্যানাগ্রোলাইমাস প্রায় ৩২ হাজার বছরের পুরনো। এটি সংগ্রহ করা হয় রাশিয়ার উত্তর-পূর্বে আলাজেইয়া নদী থেকে। আর একটি নমুনা উত্তর-পূর্ব সাইবেরিয়ার কোলিমা নদী থেকে সংগ্রহ করা হয়। এটির বয়স ৪০ হাজার বছর।

বরফের আস্তরণ সরানোর পরেই ধীরে ধীরে স্পন্দিত হয় পোকাগুলো। প্রথমে কয়েক সপ্তাহ তাদের উপরে লক্ষ্য রাখা হয়। এর পর তাদের ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তাদের খাবার দেওয়া হয়। পোকাগুলো সেই খাবার গ্রহণও করে। পরে তারা অযৌন পদ্ধতিতে সন্তানের জন্মও দিয়েছে।

Facebook Comments