পরিচয় মিলেছে সেই যুবকের- নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চাপাতি হাতে থাকা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম, আসিক হাসান। সে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি।
মঙ্গলবার (৭ আগস্ট) সোনাইমুড়ী থানার ওসি মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বনানী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আসিকের কাছে_স্কুল ড্রেস, নকল আইডি কার্ড, একটি চাপাতি, দুটি ককটেল ও বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
ওসি নাসিম জানান, আসিক হাসান উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মোশাররফ হোসেন দুলালের ছেলে। সে চৌমুহনী ডিগ্রি কলেজের ছাত্র এবং সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
এদিকে আসিক হাসানের গ্রেফতার বিষয়ে জানতে একাধিকবার বনানী থানার ওসির মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ওসি তদন্ত বোরহান উদ্দীন জানান, তিনি ছুটিতে আছেন।
প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আন্দোলনে আসিককে একটি চাপাতি হাতে দৌড়াতে দেখা যায়। একপর্যায়ে সে চাপাতিটি নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে। এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
আলোর খবর
