চট্টগ্রামের চন্দনাইশে একটি কবরস্থানে আখড়া গেঁড়ে মাদকের ব্যবসা করছে একদল লোক। সেই আখড়া সামাজিকভাবে সরাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার সকালে উপজেলার বৈলতলী চড়পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন ১০ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানের ওপর ঘর নির্মাণ করে মাদকের আখড়া বানিয়েছে এলাকার কয়েকজন বখাটে। সামাজিকভাবে এ আখড়া অপসারণ করতে গেলে সমাজের সর্দারসহ এলাকাবাসীর ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলাকার লোকজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সমাজের সর্দার দলিলুর রহমানের ছেলে আবদুর রশিদ দাবি করেন, কবরস্থানের ওপর একটি ঘর নির্মাণ করে মো. নূরসহ কয়েকজন। এ ঘরে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠার পর ঘরটি ভাঙার জন্য বৈঠকে বসে। সামাজিকভাবে বৈঠকে ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরই ধারালো অস্ত্র নিয়ে বিচারকদের ওপর হামলা চালায় বখাটেরা। এতে ১০ জনের মতো আহত হন।
স্থানীয় জামাল হোসেন বলেন, এ কবরস্থানে তাঁর ছোট ভাইয়ের কবর আছে। কবরের ওপর ঘর করে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল কিছু বখাটে। এ জন্য তাঁরা সামাজিকভাবে বিচার দেন। সেই বিচার আজ বসে। বিচারে ঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরই হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে চরপাড়া সমাজের সর্দার দলিলুর রহমান, হুমায়ুন রশিদ, আলমগীর রৌশন ও আরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোর খবর
