Thursday , August 16 2018
Breaking News

অপুকে নিয়ে ডিপজলের বাড়িতে বাপ্পীর মারামারি!

ডিপজলের বাড়িতে- জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে মারামারিতে জড়িয়েছেন নায়ক বাপ্পী। আজ সোমবার (১৩ আগস্ট) সকালে নায়িকা অপুকে নিয়ে এই মারামারির ঘটনা ঘটে। তবে বাস্তবে নয় সিনেমার শুটিংয়ে।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং হাউস দিপু ভিলায় শুরু হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শেষ দৃশ্যের শুটিং। সেখানে অ্যাকশন দৃশ্যে নিচ্ছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমরা আজ থেকে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের শুটিং বাড়িতে শুটিং করছি। আজ থেকে শুরু হয়েছে আমাদের ছবির শেষ মারামারির শুটিং। এখানে শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পী, অপু বিশ্বাস ও ছবির অন্য শিল্পীরা। আগামীকাল আমরা এখানে ছবির শুটিং শেষ করব।’

দেবাশীষ আরো বলেন, ‘ছবির শেষ মারামারি সাধারণত ছবির শেষেই শুটিং করা হয়ে থাকে। তবে আমরা আরো কিছুদিন শুটিং করব। আরো কিছু লোকেশনে আমরা ১৮ তারিখ পর্যন্ত শুটিং করব। আশা করি, ১৮ তারিখ আমরা ছবির শুটিং শেষ করতে পারব। তারপর ঈদের ছোট একটা বিরতি নিয়ে শুরু করব গানের শুটিং।’

গানের শুটিং নিয়ে দেবাশীষ বলেন, ‘আসলে ঈদের পরপরই আমরা গানের শুটিং করব। দেশি লোকেশনে কাজ করার ইচ্ছে রয়েছে আমার। সে ক্ষেত্রে বাংলাদেশের সুন্দর লোকেশনগুলো আমরা ছবির গানের মধ্য দিয়ে তুলে আনব।

আমি মনে করি, বাংলাদেশে সুন্দর লোকেশন রয়েছে, যা দেখার জন্য দেশ-বিদেশের অনেক মানুষ দেখতে আসেন। আমরা এই ছবির গানের মধ্য দিয়ে দেশি লোকেশন দেখালে আরো পর্যটক আসার জন্য উৎসাহ পাবে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ দেবাশীষ বিশ্বাসের দ্বিতীয় ছবি। দীর্ঘ ১৭ বছর পর তিনি ছবি নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল।

Facebook Comments