Thursday , October 4 2018

পুলিশের জন্য আসছে হেলিকপ্টার

পুলিশের জন্য আসছে- বাংলাদেশ পুলিশের জন্য হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। সোমবার (১ অক্টোবর) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের আরও শক্তিশালীকরণে পর্যাপ্ত বাহন ব্যবস্থা নিশ্চিতের জন্য বলা হয়েছে।

সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে অনেক সময় দ্রত পদক্ষেপ নিতে হয়। রাস্তায় যানজট থাকে, এসব বিবেচনায় আমরা পুলিশ ডিপার্টমেন্টের জন্য হেলিকপ্টার ক্রয়ের সুপারিশ করেছি।

বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রতির বিবরণ ও প্রতিশ্রতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদের উপর আলোচনা।

বৈঠকে জানানো হয়, দশম সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক পুলিশ অধিদপ্তরের মোট ৩৪৮টি, বর্ডার গার্ড বাংলাদেশের ১টি, আনসার ও ভিডিপি অধিদপ্তরে ১টি এবং বাংলাদেশ কোস্টগার্ড এর ২টি সহ মোট ৩৫২টি প্রতিশ্রুতি দেয়া হয়েছে। পুলিশ অধিদপ্তরের প্রতিশ্রুত ৩৪৮টি প্রকল্পের মধ্যে ৫৪টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, ১২৭টি প্রকল্প আংশিক বাস্তবায়িত হয়েছে, ৫টি বাস্তবায়াধীন রয়েছে এবং ১৫৮টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বাংলাদেশ পুলিশের নতুন আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির অংশ হিসেবে ইতোমধ্যে ৪৫ হাজার ৯৫৬টি পদ সৃজন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৪০৪৪টি পদ সৃজনের কার্যক্রম মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন করা হয়। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে মতামত প্রদান করা হয় বৈঠকে।

আইএমইডি এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৭-১৮ অর্থ বছরে সুরক্ষা সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ৯৪.৪১% যা জাতীয় অগ্রগতির চেয়ে ০.৫৮% বেশি। ২০১৭-১৮ অর্থ বছরে জননিরাপত্তা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ৯৯.০৫% যা জাতীয় অগ্রগতির চেয়ে ৫.২২% বেশি। প্রকল্পের মান ঠিক রেখে অসমাপ্ত প্রকল্প সমূহের কাজ যথাসময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী এবং শামীম হায়দার পাটোয়ারী।

জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা ও সেবাবিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments