Saturday , October 6 2018

এস কে সিনহাকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার নিজের পদের সম্মান ধরে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস কে সিনহার বিচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘ল’ উইল টেক ইটস ওউন কোর্স। আর কিছু বললে তো বলবেন, বেশি বলি।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে যারা সংবাদ প্রচার করবে না তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে যারা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করবে তাদের শাস্তি পেতে হবে। কেউ তথ্য দিলে তার সত্যতা তাকে প্রমাণ করতে হবে।

জাতিসংঘের ৭৩তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কোনো আলোচনা হয়নি। নির্বাচন নিয়ে কেউ পরামর্শও দেয়নি। বরং উৎসাহ পেয়েছি। যে সকল রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের সাথে কথা হয়েছে, তারা চায় আবার দেখা হবে। তিনি বলেন, জনগণ ভোট দিলে আছি। না দিলে নাই।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে মিয়ানমায়ের সাথে চুক্তি হয়েছে। তারা ফিরিয়ে নিতে চেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে রাজনৈতিক তোপের মুখে থাকা বিচারপতি সিনহা গত বছরে অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

এক বছরের মাথায় যুক্তরাষ্ট্রে বসে একটি বই প্রকাশ করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। সেখানে তিনি দাবি করেছেন, সরকার তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠিয়েছে।

বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিমকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এস কে সিনহা সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা জানায় দুদক।

এরপর গত সোমবার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

বিডি২৪লাইভ

Facebook Comments