Thursday , October 18 2018
Breaking News

সমলোচকদের কঠোর জবাব দিলেন অন্তঃসত্ত্বা সানিয়া

ভারতীয় টেনিস সম্রাজ্ঞী সানিয়া মির্জাকে মাঝে মাঝেই ট্রোলড হতে হয় সোশ্যাল মিডিয়ায়। সানিয়াও কড়া ভাবে মোকাবিলা করেন সেই ট্রোলিংকে। এই মুহূর্তে অন্তঃসত্ত্বা সানিয়া। ‘বেবি শাওয়ার’ হয়েছে ক’দিন আগেই।

এই পরিস্থিতিতে নতুন করে তাঁকে অস্বস্তিতে পড়তে হল ইন্টারনেটে। সন্তানের জন্ম দেওয়া নিয়ে নানা টিপস দেওয়া হচ্ছে তাঁকে। ‘অদ্ভুত’ ধরনের উপদেশে বিরক্ত সানিয়া এবার প্রতিবাদে মুখর হলেন। উত্তর দিলেন নিজস্ব স্টাইলেই। তাঁর বিরুদ্ধে ছোড়া সমালোচনার ‘ইট’-এর জবাব দিলেন ‘পাটকেল’-এ।

সানিয়া স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিতেই উত্তর দিয়েছেন নেটিজেনদের। তিনি দু’টি পোস্ট করেছেন এই নিয়ে। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন— ‘‘তাঁদের জন্য উপদেশ (লক্ষ করে দেখছি তাঁরা অধিকাংশই পুরুষ)যাঁরা মনে করেন গর্ভধারণ করা মানে ৯ মাসের শীতঘুমে চলে যাওয়া, বাড়িতেই থাকা ও এই অবস্থার জন্য লজ্জিত থাকা। দেখুন, কোনও নারী যখন অন্তঃসত্ত্বা হন, তখন তিনি মোটেই কোনও অসুখে ভুগছেন না বা অস্পৃশ্যও হয়ে যান না কিংবা মৃত হয়ে যান না। তাঁরা তখনও স্বাভাবিক মানুষ এবং তাঁদের পূর্ণ অধিকার রয়েছে স্বাভাবিক জীবন যাপন করার।’’

পাশাপাশি সানিয়া জানিয়ে দেন সমালোচনা করার আগে যেন সমালোচকরা ভেবে দেখেন, তাঁরাও জন্মেছেন তাঁদের মায়ের গর্ভেই।

ক’দিন আগেই সমালোচনা সহ্য করতে হয়েছিল সানিয়াকে। তাঁর স্বামী শোয়েব মালিক এশিয়া কাপে ব্যর্থ হওয়ার কারণে তাঁকে ‘টার্গেট’ হতে হয়েছিল। এবার আরও একবার তাঁকে অস্বস্তিতে পড়তে হল কয়েক জন মানুষের অযাচিত পরামর্শের জন্য। বরাবরের মতোই স্পষ্টভাষী সানিয়া সেই সমালোচনাকে কোর্টের বাইরে উড়িয়ে দিলেন।

Facebook Comments