Saturday , October 6 2018

শাকিবকে নিয়ে আর কোন ছবি নির্মাণ করবে না ভারতীয় চলচ্চিত্র সংস্থা

আগামীতে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় আর কোনো সিনেমা নির্মাণ করবে না ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এমনকি সংস্থার প্রযোজনায় আগামীতে কলকাতার লোকাল প্রোডাকশনেও কোনো ছবিতে থাকছেন না বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।

এদেশে সিনেমা ব্যবসার ভবিষ্যৎ নেই, তাই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থাটি। বুধবার দুপুরে কলকাতা থেকে এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা।

অশোক ধানুকা বলেন, ‘শাকিবের সঙ্গে আপাতত আর কাজ হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে একটা ছবি করার কথা থাকলেও সেটাও আর করছি না। কলকাতার লোকাল প্রোডাকশনে শাকিবকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু শাকিবকে ৬০ লাখ টাকা সম্মানী দেয়া সম্ভব না।’

অবশ্য কয়দিন আগেও জানা গিয়েছিল শাকিব এসকে মুভিজকে শিডিউল দিতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলচ্চিত্র অভিনেতা বলেন, শাকিবকে নিয়ে একের পর এক ছবি ওরা করে যাচ্ছিল শুধু বাংলাদেশের বাজার ধরার জন্য। ওরা জানে যে শাকিবের একচ্ছত্র জনপ্রিয়তা রয়েছে। আবার দেখেন লোকাল প্রোডাকশনে শাকিবকে নেবে না। অর্থাৎ শাকিবের বাজার কলকাতায় এখনও গড়ে ওঠেনি। অর্থাৎ তাদের লক্ষ্যই শাকিবকে মূল কাস্টিং রেখে বাংলাদেশের বাজার ধরা।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, আসলে কলকাতার প্রযোজকদের বিনিয়োগ কোনো কাজে আসছিল না। বিনিয়োগ করলে দুই দেশের উপকার হবার কথা। কিন্তু কলকাতার জনবল দিয়ে একটি ছবি করে ওরা বাংলাদেশের ছবি হিসেবে দেখাতে চায়। প্রকৃতপক্ষে সেখানে বাংলাদেশের জনবল নেই। যেটা বিনিয়োগ বোর্ডের আইন পরিপন্থী।

তিনি বলেন, এক্সপোর্ট প্রসেসিং জোনে যেভাবে বিনিয়োগ করা হয় চলচ্চিত্রেও সেভাবেই বিনিয়োগ করতে হবে। তাহলে আমাদের দেশের দৃশ্যত উপকার হবে। কিন্তু ওরা বিকল্পপথে বাংলাদেশের বাজার ধরতে চায়। কলকাতার প্রযোজকেরা চলে গেলে চলচ্চিত্রের কোনো ক্ষতি হবে না। বরঞ্চ সরকার র‍্যাপিডলি কয়েকটি উদ্যোগ নিয়েছে যেটার কারণে এক দেড় বছরের মধ্যে চলচ্চিত্রের অবস্থার আমূল পরিবর্তন হবে।

অশোক ধানুকা বলেন, বাংলাদেশে কাজ করতে গেলে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। এত বাধা আর প্রেসার নিয়ে ভালো কাজ করা সম্ভব না। আবদুল আজিজ তার মেশিনে আমার ছবি চালাতে আপত্তি তোলেন। ছবি চালিয়েও ঠিকমত টাকা তুলতে পারিনা। তাহলে কেন আমি শুধু শুধু এতো চাপ নেব? কলকাতায় কাজের অনেক সুযোগ আছে। বাংলাদেশে ছবি না চালাতে পারলেও আমার অসুবিধা হবে না।

এদিকে, বাংলাদেশে ব্যবসার জন্য ইস্কাটনে অফিস নিয়েছিলেন অশোক ধানুকা। নাম দিয়েছিলেন এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। বললেন, অফিস ওভাবে থাকুক। পাঁচ বছর পর ভেবে দেখবো কি করা যায়!

সম্প্রতি শাকিব খান অভিনীত নাকাব ছবিটি কলকাতা ও বাংলাদেশে মুক্তি পেয়েছে। ছবিটি শুক্র ও শনিবার বাংলাদেশে ভালো ব্যবসা করলেও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলো সেখানের ছুটিরদিনেও ছিল একদম ফাঁকা।

কলকাতার এসকে মুভিজ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘অগ্নি’, ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’র মতো ছবি নির্মাণ করে দর্শকদের মনে ঠাঁই পেয়েছিল। বেশির ভাগ ছবির নায়ক ছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ছবিগুলোর মাধ্যমে জন্ম নিয়েছিলেন নতুন এক শাকিব খান।

Facebook Comments