Sunday , September 16 2018

বেকার যুবকদের মাসিক ১ হাজার টাকা ভাতা ঘোষণা

বেকার যুবকদের- বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে বেকারত্ব। বিশেষ করে শিক্ষিত বেকার বাড়ছে আশঙ্কাজনক হারে। আর তাই এই শিক্ষিত বেকার যুবকদের জন্য ভাতা দেওয়ার ঘোষণা এসেছে এবার।

আগামী ২ অক্টোবর থেকে ভারতের বেকার যুবকদের জন্য বিশেষ ভাতা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। যুবা নেস্তম স্কিম নামে এই প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার জানান, দোসরা অক্টোবর এই প্রকল্প চালু করা হবে। তারপর থেকেই বেকার ভাতা পাবেন রাজ্যের যুবকরা। এই প্রকল্প চালুর মূল উদ্দ্যেশ্য রাজ্য থেকে বেকারি দূর করা।

মুখ্যমন্ত্রী বলেন, যুবকরা যাতে আত্মসম্মানের সঙ্গে নিজের নিজের পেশা বেছে নিতে পারেন, তাই এই প্রচেষ্টা। তারই সঙ্গে বিভিন্ন ছোটখাট ব্যবসা শুরু করতে পারেন বেকার যুবকরা বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে এতে রাজ্যে শিল্পোদ্যোগ বাড়বে। রাজ্যের অর্থনীতি বিকাশ হবে।

এই প্রকল্প চালু করার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বেকার যুবকদের। এর ফলে যুবকরা আত্মনির্ভর হয়েই কাজ শুরু করতে পারবেন বলে আশা তাঁর। রাজ্যের বিধানসভায় যুবা নেস্তম স্কিম নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বলে সাংবাদিকদের জানান চন্দ্র বাবু। এর ফলে খুব শীঘ্রই শিল্পোদ্যোগের তালিকায় রাজ্য এক নম্বরে চলে আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন রাজ্যের ১০ লক্ষ যুবক। তাদের প্রশিক্ষণ শুরু হবে। কাজের সুযোগও দেওয়া হবে। যারা প্রশিক্ষণ দেবেন, সেরকম মোট ২৬০টি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে। প্রশিক্ষকরা আসবেন সিঙ্গাপুর, জার্মানি ও ব্রিটেন থেকে।

এই বিষয়ে কেন্দ্রকেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রেলওয়ে জোনের সম্প্রসারণ করে অন্ধ্রপ্রদেশকে সাহায্য করার দাবি জানিয়েছেন তিনি।

এছাড়াও কাডাপাতে একটি স্টীল শিল্প তালুক তৈরি ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে সাহায্য করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Facebook Comments