Monday , February 19 2018
Home / বিনোদন / এবার একসাথে শাকিব-অপু-বুবলী!

এবার একসাথে শাকিব-অপু-বুবলী!

এফডিসিতে আজ শুটিং করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে তাঁরা তিনজন এক ছবির শুটিং করছেন না। আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং করছেন অপু বিশ্বাস। অন্যদিকে, শাকিব খান ও বুবলী ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করছেন।

‘পাংকু জামাই’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘নবাগত সন্তানের জন্য অপু বিশ্বাস এই ছবির শুটিং বাকি রেখেছিলেন। আবারও তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন। আজ তিনি এফডিসিতে শুটিং করছেন। আগামীকাল রোববার তিনি পুবাইলে শুটিং করবেন। এই দুদিন শুটিং করা হলে অপু বিশ্বাসের কাজ শেষ হয়ে যাবে। শাকিব খানের কিছু কাজ বাকি থাকবে।’

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের এই ছবির কোনো শুটিং আছে কি- এই প্রশ্নের জবাবে মোজাম্মেল হক সরকার বলেন, ‘শাকিব খান এরই মধ্যে ছবির ডাবিং শেষ করেছেন। ছবিতে শাকিব আর অপু বিশ্বাসের একসাথে শুটিংয়ের কোনো সিক্যুয়েন্স নেই। ছবিতে শাকিব খানের আর মাত্র একটি সিক্যুয়েন্সের কাজ বাকি আছে। কিছুদিনের মধ্যে সেই দৃশ্যের শুটিং আমরা করব।’

অন্যদিকে, শাকিব ও বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং গতকাল শুক্রবার থেকে এফডিসিতে শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খান ও বুবলী।

উত্তম আকাশ বলেন, ‘আমরা গতকাল থেকে ছবির শুটিং শুরু করেছি। আগামী ১২ অক্টোবর পর্যন্ত শুটিং করব।’