Monday , August 13 2018
Breaking News

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়া বাসের চালক-হেলপার আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা- নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সারাদেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ।

এরই মধ্যে শুক্রবার ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে রাত নয়টার দিকে বেপরোয়া একটি বাস শেরেবাংলা নগরের কলেজ গেট এলাকায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িকেই ধাক্কা মেরে বসে।

শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে গিয়েছিলেন মন্ত্রী। সেখান থেকে বের হয়ে নাখালপাড়ার দিকে যাওয়ার সময় কলেজ গেটের বিপরীত স্থানে পেছন থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাস তার গাড়িতে ধাক্কা দেয়।

তিনি জানান, ঘটনার পরপরই ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫ নাম্বারের ওই বাসটি জব্দ করা হয়। পরে জানা যায়, চিড়িয়াখানা থেকে মতিঝিলগামী বাসটি তখন হেলপার চালাচ্ছিলেন। তার নাম ইব্রাহীম খলিল ইমন (২২)। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।

এসআই ইয়াদুল আরো জানান, পরে বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাসটিও জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, দুর্ঘটনায় মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। গাড়িটির পেছনে হালকা ধাক্কা লেগেছিল। দুর্ঘটনার কিছুক্ষণ পর মন্ত্রী ঘটনাস্থল থেকে বাসার উদ্দেশে চলে যান।

Facebook Comments