Saturday , June 30 2018
Breaking News

প্রেম করছি না, তবে শাকিবের সঙ্গেই আছি: বুবলী

সুপারষ্টার শাকিব খান আমার খুব ভালো একজন বন্ধু ছাড়া আর কিছু নন। যখন একটি জুটির বেশ কয়েকটি ছবি একাধারে ভালো যেতে থাকে তখন তাদের নিয়ে প্রেমের গল্প চাউর হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা প্রেম করছি না। তবে আপাতত তার সঙ্গেই কাজ করে যেতে চাই।’

এমনটিই বলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঈদে দুটি ছবি মুক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে এসময় খোলামেলা অনেক কথা বলেন বুবলী।

শবনম বুবলী বলেন, ‘আমার সৌভাগ্য, নিজের ফিল্মি ক্যারিয়ারটা অভিষেক হলো ঢালিউডের শীর্ষ নায়ক নবাব শাকিব খানের সঙ্গে। আর এখন পর্যন্ত আমার সব ছবির নায়কই শাকিব খান। আর তাই অনেকে আমাদের পর্দা রসায়নের ভাঁজে ব্যক্তিগত প্রেমের রসায়ন খুঁজে ফেরেন। এ পর্যন্ত আমার সব ছবির নায়ক শাকিব এবং ঈদে আমাদের ছবি বেশি মুক্তি পায় বলে অনেকে হয়তো এমনটি ভেবে থাকেন।’

বুবলী বলেন, ‘গত তিন বছরে আমার ছয়টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো- ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘সুপার হিরো’ এবং ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। এখন ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিং চলছে। এ ছবির নায়কও শাকিব খান। সৃষ্টিকর্তার অপার করুণায় আনন্দ উৎসবের ঈদে দর্শক আমার ছবি দেখতে উদগ্রীব হয়ে ওঠে। এর চেয়ে আর বেশি কোনো প্রাপ্তি নেই আমার।’

তিনি বলেন, ‘অনেকেই আমাকে ঈদের নায়িকার খেতাবও দিয়ে ফেলেছেন। এবারের ঈদেও আমার মুক্তি পাওয়া ছবিগুলো বেশ জমে উঠেছে। দুটো ছবিতেই আমার দুধরনের চরিত্র ছিল। তবে দর্শক ‘সুপার হিরো’ ছবির পেছনে একটু বেশিই ছুটছেন। আমি ঈদের দিন মধুমিতা আর চম্পাকলিতে দর্শকের সঙ্গে বসে ছবি দুটো দেখেছি এবং দর্শক প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছি।’

২০১৩ সাল থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা শবনম বুবলী ‘বসগিরি’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আলো ছড়ান। শাকিবের সঙ্গে জুটি বাঁধতে গিয়ে তাকে নানা আলোচনা-সমালোচনা এবং মুখরোচক খবরের শিরোনাম হতে হয়েছে। এতে কিন্তু তার ফিল্ম ক্যারিয়ারের যোগফলে লাভের অঙ্কটাই যোগ হয়েছে বেশি।

Facebook Comments