Sunday , November 4 2018

‘ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হবে’

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের যে সংলাপ তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘তাদের সাত দফা দাবির কোনোটিও মানা সম্ভব নয়। তাই সংলাপ কতটুকু সফল হবে তা নিয়ে আগে থেকেই কিছু বলা যাচ্ছে না।’

এসময় তিনি বলেন, ঐক্যফ্রন্ট শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে বলে মনে হয়।

তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘শেখ হাসিনা কি পদত্যাগ করবেন? এ রকম অনেক অসাংবিধানিক দাবি তারা করেছে যা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশে এখন যতই রাজনৈতিক দল থাকুক না কেন, একমাত্র জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে আর বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার সংকটে রয়েছে। ফলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে এ রকম প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচনের জন্য তৈরি আছি। তবে আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ নিয়ে প্রসঙ্গ তুলে এরশাদ বলেন, আমি আমার দলের নেতাদের নিয়ে ৫ নভেম্বর বঙ্গভবনে যাব সংলাপ করতে নয়, শুভেচ্ছা জানাতে চা খেতে । আমি দাবি-দাওয়া নিয়ে এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলব।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চিঠি দিয়েছিলাম। আমাকে ৫ নভেম্বর বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ২১ জন নেতা নিয়ে সব কথা বলা সম্ভব নয়।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। দলের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

বিডি২৪লাইভ

Facebook Comments